রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর অভুক্ত প্রাণীদের পাশে নোবিপ্রবি ছাত্রদল

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

ঈদের ছুটিতে সবাই যখন নাড়ির টানে বাড়ির পথে, তখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১০১ একর ক্যাম্পাসে খাবারের সন্ধানে দিগ্বিদিক ছুটছে অসহায় কুকুর ও বিড়াল।

এ পরিস্থিতি তুলে ধরে গত ১৭ মার্চ ‘ফাঁকা ক্যাম্পাসে ক্ষুধার্ত কুকুর-বিড়ালের আর্তনাদ, খাবারের খোঁজে ছুটোছুটি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে NPB। সেই সংবাদ প্রকাশের পরই বন্ধ ক্যাম্পাসে এসব প্রাণীর জন্য খাবার ও চিকিৎসাসেবা নিয়ে এগিয়ে এসেছে নোবিপ্রবি শাখা ছাত্রদল।

শনিবার (২১ মার্চ ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রদল সভাপতি জাহিদ হাসান।

জানা যায়, সভাপতি জাহিদ হাসানের সার্বিক সহযোগিতায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাফিন ইকবাল দিহানের নেতৃত্বে শিক্ষার্থীরা প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীর মধ্যে খাবার বিতরণ করছেন। তারা ভাত, খিচুড়ি, মাংস ও বিস্কুটসহ পুষ্টিকর খাবার সরবরাহ করছেন। পাশাপাশি অসুস্থ ও আহত প্রাণীদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।

শাফিন ইকবাল দিহান বলেন, প্রতিবছর ঈদের ছুটিতে এই সমস্যাটি নতুন করে চোখে পড়ে। শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস ছেড়ে চলে যায়, তখন এই প্রাণীগুলো হঠাৎ করেই খাদ্যসংকটে পড়ে যায়। বিষয়টি মানবিকভাবে তাকে নাড়া দেয়। তাই সভাপতি জাহিদ হাসানের দিকনির্দেশনায় তারা নিয়মিতভাবে প্রাণীদের খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। শুধু একদিনের উদ্যোগ নয়, পুরো ছুটিজুড়ে যেন এই কার্যক্রম চালিয়ে যাওয়া যায়, সে পরিকল্পনাও রয়েছে। অনেক সময় অসুস্থ বা আহত প্রাণীও চোখে পড়ে, তাদের জন্যও সাধ্যমতো চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসান বলেন, ক্যাম্পাস বন্ধের সময় কুকুর-বিড়ালসহ অসহায় প্রাণীগুলো সবচেয়ে বেশি বিপদে পড়ে—এটি প্রতি বছরই লক্ষ্য করা যায়। তাই নোবিপ্রবি ছাত্রদল সবসময় এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এবছরও নেতাকর্মীরা নিজ উদ্যোগে খাবার ও চিকিৎসাসেবা নিয়ে কাজ করছেন, যা প্রশংসনীয়। তিনি আরও বলেন, একটি মানবিক সমাজ গঠনের জন্য মানুষ ও প্রাণী উভয়ের প্রতিই সহমর্মিতা জরুরি। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও সংগঠিত ও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে, যাতে ক্যাম্পাসে কোনো প্রাণী অভুক্ত না থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন