সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েটে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার, ৩২ জনকে সতর্ক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
expand
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার প্রায় সাত মাস পর অবশেষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

ঘটনাটিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে এবং আরও ৩২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) শাস্তির চিঠি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

ছাত্রশৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক বি. এম. ইকরামুল হক জানান, পাঁচ শিক্ষার্থীকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে এক বছরের জন্য এবং বাকি চারজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ৩২ শিক্ষার্থীকে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এক বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন এমএসসি শিক্ষার্থী সালিম সাদমান। ছয় মাসের বহিষ্কারাদেশ পেয়েছেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শান্ত ইসলাম ও মো. রিদয় এবং ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজ।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষের পর ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় প্রকৃত দোষীদের শনাক্ত করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম. এম. এ. হাসেম। কমিটি তাদের প্রতিবেদন ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় জমা দেয় এবং তা গৃহীত হয়। সেই সময়ে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হলেও আন্দোলনের কারণে ২৩ এপ্রিল আদেশ প্রত্যাহার করা হয়েছিল।

এর পরের ঘটনাপ্রবাহে ২৬ এপ্রিল উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেয় সরকার। ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তী উপাচার্য করা হলেও শিক্ষকদের বিরোধিতায় তিনি ২২ মে পদত্যাগ করেন। পরে ২৪ জুলাই বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মাকসুদ হেলালী নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ ১৬০ দিনের অচলাবস্থা শেষে ২৯ জুলাই কুয়েটে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup