

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ বলেছেন, দেশের ৬৪টি জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সংস্কৃতিচর্চা, মানবিক মূল্যবোধ এবং দক্ষতাভিত্তিক শিক্ষা আরও বিকশিত হবে।
বৃহস্পতিবার দিনাজপুর সঙ্গীত কলেজে আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি জাতির উন্নয়ন নিশ্চিত করতে পারে না।টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সুস্থ সংস্কৃতি, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন। এ লক্ষ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চাকে গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা, নৈতিকতা ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ হতে হবে। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতাভিত্তিক শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. আমানুল্লাহ আরও বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মসংস্থানের জন্য বিদেশে যান। বিদেশে যাওয়ার আগে আরবি, চীনা, জাপানি ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ দিতে পারলে তাদের কর্মসংস্থানের সুযোগ ও রেমিট্যান্স আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
তিনি জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যাতে উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করা যায়। আলোচনা সভা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন ক্যাম্পাস’ এবং ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নওশের ওয়ান। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।