মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির তরুণ প্রতিনিধিদলের সঙ্গে চীন যাচ্ছেন জাকসুর ভিপি জিতু

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১০:৪৫ এএম
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু
expand
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তরুণ প্রতিনিধি হিসেবে ১০ দিনের শিক্ষা ও এক্সচেঞ্জ সফরে চীন যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু ।

ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ সফরে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে যুব, নারী ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেবেন।

গত ১৪ মে বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে এ আমন্ত্রণ জানান।

চিঠিতে বলা হয়, সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই সফর করবে এবং দেশটির উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নগর পরিকল্পনা, গ্রামীণ পুনরুজ্জীবন ও স্থানীয় শাসনব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবে।

প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী, প্রতিনিধি দলটি চংকিং জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট, সাংহাই এআই ল্যাব, টংজি বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজসহ (এসআইআইএস) বিভিন্ন গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানে মতবিনিময় করবে।

এ বিষয়ে জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, সরকারি শিক্ষা ও এক্সচেঞ্জ কার্যক্রমের অংশ হিসেবে চীন সফরের সুযোগকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মনে করি।

এই সফরের মাধ্যমে চীনের শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম, কৃত্রিম বুদ্ধিমত্তা, নগর পরিকল্পনা, শিল্পায়ন, দারিদ্র্য বিমোচন উদ্যোগ এবং টেকসই উন্নয়ন মডেল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি কেন্দ্র ও নীতিনির্ধারক পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এ সফর আমাদেরকে নেতৃত্বের দক্ষতা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া উন্নয়নে সহায়তা করবে। বিশেষ করে শিক্ষা, উদ্ভাবন, প্রযুক্তি ও যুব উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করে অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষাকে দেশের শিক্ষার্থী ও তরুণ সমাজের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করব।

একইসঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার শিক্ষা, গবেষণা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে আশা করি।

সফরের সকল ব্যয়, আন্তর্জাতিক বিমান ভাড়া, আবাসন ও চীনের অভ্যন্তরীণ পরিবহন ব্যয় বহন করবে চীনা পক্ষ। আগামী ১৪ জুন প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।

আমন্ত্রণপ্রাপ্ত ২০ প্রতিনিধির মধ্যে যুবদলের রয়েছেন ৬ জন। তারা হলেন- কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মদ মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক সহকারী স্বাস্থ্যবিষয়ক সম্পাদক গালিব হাসান প্রিতম, সাবেক সহকারী প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান ও সাবেক সদস্য মো. মাহাদী হাসান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন।

আর ছাত্রদলের ১৫ জনের মধ্যে পুরুষ প্রতিনিধি রয়েছেন ৮ জন। তারা হলেন- কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, প্রথম সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, সহ-সভাপতি এ.বি.এম. ইজাজুল কবির রুয়েল ও মো. মনজুরুল আলম রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল খান ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক।

ছাত্রদলের বাকি ৬ নারী প্রতিনিধি হলেন- কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল শাখার সভাপতি শ্রাবণী আক্তার, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নওশীন তাবাসসুম অথৈ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক সেলিমা বিনতে তারিন রোদসী, জাকসু জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) শাখার ছাত্রবিষয়ক সম্পাদক রাবেয়া তাহসিন মুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন