বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ দুজন আটক 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‎হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকারসহ দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বাহির গেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন- খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।

এয়ারপোর্ট এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, আটক দুজন বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাঁদের আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশি করে ২১ ক্যারেট মানের মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম বা ৪০ দশমিক ৭৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছে। পরে চোরাচালানের উদ্দেশ্যে তাঁরা সেগুলো নিজেদের হেফাজতে নেন বলে এপিবিএনের দাবি।

এপিবিএন বলছে, আটক দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

এ ঘটনায় আজ বিমানবন্দর থানায় তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয় রয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank