মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে মো. কাকন রানা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এর আগে গতকাল রোববার দুপুরে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি'র কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম তাকে গ্রেপ্তার করে।

সিটিটিসি সূত্র জানায়, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে বনানী থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করে।

পরে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে কাকন রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ছয়টি মুঠোফোন ও সাতটি সিমকার্ড উদ্ধার করা হয়।

সিটিটিসি আরও জানায়, গ্রেপ্তার কাকন রানার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে খোলা দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া গেছে। এ ছাড়া তার ব্যবহৃত ডিভাইসে ৫০টির বেশি অ্যাকাউন্ট এবং ডা. জোবাইদা রহমানের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।

উদ্ধার করা মোবাইল ফোনসহ অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন