মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু ডটকমের আউটলেট ও গুদামে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের মান সনদ বা ছাড়পত্র ছাড়াই বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত ২০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অভিযানের সময় পিকাবুর গুদামে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রিক পণ্য মজুত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

পরিদর্শনে Panasonic, Philips, Jaipan, Miyako এবং পাকিস্তানি ব্র্যান্ড Pak Super-এর ব্লেন্ডার, এগ বিটার, সিলিং ফ্যানসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পণ্য পাওয়া যায়। এসব পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিএসটিআইয়ের মান সনদ বা ছাড়পত্র ছিল না বলে অভিযানে উঠে আসে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পিকাবুকে ৫ লাখ টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, বিদেশি পণ্য বলে বিক্রি করা হলেও আমদানির সপক্ষে বা গুণগত মানের স্বপক্ষে পিকাবু কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। বিএসটিআই আইন ২০১৮-এর ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিটি পণ্যের জন্য ১ লাখ টাকা করে মোট ৫ টি আইটেমের বিপরীতে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সাথে প্রতিষ্ঠানটিকে আগামী এক মাসের মধ্যে সমস্ত আইনি ও কারিগরি ত্রুটি শুধরে বৈধ উপায়ে নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার সতর্কবার্তা প্রদান করেছে বিএসটিআই।

বিএসটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার ক্ষুণ্ন করে এমন যেকোনো অবৈধ ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে সংস্থাটির এই কঠোর নজরদারি ও অভিযান দেশজুড়ে নিয়মিত অব্যাহত থাকবে। একই সাথে যেকোনো ইলেকট্রনিক্স বা নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের আগে পণ্যটিতে বিএসটিআই-এর অনুমোদিত ‘স্ট্যান্ডার্ড মার্ক’ যাচাই করে নেওয়ার জন্য ক্রেতাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন