

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর আদাবর থানার মনসুরাবাদ এলাকায় শনিবার রাতে একটি এমব্রয়ডারি কারখানার শ্রমিকদের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।
হামলার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিক ও কারখানা মালিকরা একসঙ্গে আদাবর থানা ঘেরাও করেন। পরে মামলার পরপরই পুলিশের অভিযানে কথিত গ্যাং লিডার ‘কালা রাসেল’ গ্রেফতার হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত প্রায় ৯টার দিকে রোহান খান রাসেল ওরফে কালা রাসেলের নেতৃত্বে ৮ থেকে ১০ জন কিশোর কারখানার দুই শ্রমিকের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে দুই শ্রমিক আহত হন।
খবর ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ী ও কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়। তবে কিছুক্ষণ পর তারা আবার দলবদ্ধ হয়ে হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। আহতদের একজনকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ১১টার দিকে ঘটনার প্রতিবাদে শ্রমিক ও মালিকপক্ষ আদাবর থানার সামনে অবস্থান নেন। এতে এলাকায় উত্তেজনা তৈরি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থলে আসে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পর রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জহির জানান, শনিবার রাতে আমার কারখানার শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে। বেতনের টাকা ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যেই কিশোর গ্যাং শ্রমিকদের ওপর হামলা চালায়।
তিনি জানান, কিশোর গ্যাংয়ের হোতা রোহান খান রাসেলকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
আদাবর থানার পরিদর্শক (তদন্ত) অপূর্ব দাস জানান, শনিবার দিবাগত মধ্যরাতে ওই মামলার আসামি কিশোর গ্যাং লিডার কালা রাসেলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য করুন

