শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মীর মৃত্যু, আহত ২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০১:২১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় গোলাগুলির ঘটনায় যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী (৪৫)। গুরুতর আহত অবস্থায় তাকে এবং অন্য দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ অপর দুইজনের মধ্যে একজন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান। তবে অন্য আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, গোলাগুলির ঘটনার পর স্থানীয়রা অস্ত্রধারী সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

স্থানীয় বিএনপি কর্মী মো. সুজন জানান, ঘটনার সময় যুবদল নেতা হাফিজুর রহমানসহ কয়েকজন মিরপুর-১৩ নম্বর এলাকায় অবস্থান করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়।

তিনি জানান, হামলায় হাফিজুর রহমানের শরীরে দুটি গুলি লাগে। এ ছাড়া ইউসুফ আলীর বুকে গুলি লাগে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক পরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন