

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। ছাতাটির অবস্থান ও পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তারা সেটি পরীক্ষা করেন। এ সময় এর ভেতরে আইইডি সদৃশ একটি বস্তু পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। পরে খবর দেওয়া হয় ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষজ্ঞ দল প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এরপর সতর্কতার সঙ্গে বস্তুটি পরীক্ষা করে পেশাদার দক্ষতায় তা নিষ্ক্রিয় করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা জানান, পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে বস্তুটি কোথা থেকে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত—তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট ইউনিট।