শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধ ভাঙন ও অতিবৃষ্টিতে বিপর্যস্ত হাওরাঞ্চল, প্রতিবাদে মানববন্ধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৩:৩৯ পিএম
expand
বাঁধ ভাঙন ও অতিবৃষ্টিতে বিপর্যস্ত হাওরাঞ্চল, প্রতিবাদে মানববন্ধন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে হাওর অঞ্চলের মানুষের উদ্যোগে জলাবদ্ধতা নিরসন, অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং হাওর সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বোরো মৌসুমে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত টানা তিন দফা ভারী বৃষ্টিপাত এবং কয়েকটি হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় অন্তত ৪৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি শিলাবৃষ্টিতে আরও প্রায় ৮০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, উজানের মেঘালয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের প্রধান জীবিকা বোরো ধান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক স্থানে কাটা ধান শুকানো যাচ্ছে না, পচে যাচ্ছে কিংবা পানির তোড়ে ভেসে যাচ্ছে। ফলে কৃষকদের আর্থিক সংকট তীব্র আকার ধারণ করেছে।

তারা অভিযোগ করেন, অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ নির্মাণ, দুর্নীতি ও বৈজ্ঞানিক গবেষণার অভাব জলাবদ্ধতা সমস্যাকে আরও জটিল করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে অস্বাভাবিক বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে বলেও উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধন থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ, ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য সহায়তা প্রদান, নদী-খাল-বিল খনন, অপরিকল্পিত বাঁধ ও সড়ক নির্মাণ বন্ধ, ফ্লুইস গেট নির্মাণ, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার এবং কৃষি ও এনজিও ঋণের কিস্তি মওকুফ।

বক্তারা আরও বলেন, ফসলহানী মানেই শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটি একটি মানবিক বিপর্যয়। কৃষকের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক—শিক্ষা, বিয়ে, পারিবারিক ব্যয়—সবকিছুই ফসলের উপর নির্ভরশীল। তাই দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর অঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খান, এড. আবেদ রাজা চৌধুরী, ইমতেছার আহমেদ চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব গোলাম শফিক, এডভোকেট ফরিদ আহমেদ, প্রফেসর ডা: শাহীন রেজা চৌধুরী, প্রিন্সিপাল এম, এ মোনায়েম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্কারের সভাপতি কাশমির রেজা, খালেদ সানোয়ার, বুরহান উদ্দিন আহমেদ, জহিরুল কাজল, হাওর অঞ্চলবাসী ঢাকা’র সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু, ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী, কুতুব উদ্দিন আহমেদ সোহেল, শফিকুল সজল, রুপক চৌধুরী, নাইমুর রহমান, তোফায়েল আহমেদ, বশির উদ্দিন ভূইয়া, ড. শরীফ এ সাকী, এড, তাজুল ইসলাম, কাইয়ুম সেলিম, মোঃ লিয়াকত আলী, মোস্তাফিজুর রহমান, মো. হাবিব উল্লাহ, নাহিদা হাসান চৌধুরী, শাকিল মিয়া, সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: সৈয়দ উমর খৈয়াম। পরিচালনা করেন মেনন চৌধুরী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন