শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৫:১৩ এএম আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৫:১৪ এএম
সার নীতিমালা–২০২৫ বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন
expand
সার নীতিমালা–২০২৫ বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাতিল করে বিদ্যমান নীতিমালা-২০০৯ বহাল রাখার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সারা দেশের সার ডিলাররা।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ ফার্টিলাইজার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিপুলসংখ্যক ডিলার অংশ নেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়ালিউর রহমান। এ সময় বিভিন্ন জেলা ইউনিটের নেতারাও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সংশ্লিষ্ট সকল অংশীদারের মতামত না নিয়ে তড়িঘড়ি করে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা-২০০৯ বাতিল করে নতুন নীতিমালা-২০২৫ প্রণয়ন করা হয়েছে, যা বাস্তবায়ন হলে দেশের কৃষি খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহলকে সুবিধা দিতে তৎকালীন কেয়ারটেকার সরকার এই নীতিমালা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নের দায় বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, বিদ্যমান নীতিমালা-২০০৯ অনুযায়ী দেশে সার সরবরাহ ও ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে সুষ্ঠু ও শৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং কৃষকের দোরগোড়ায় সহজেই সার পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

তাই কৃষিবান্ধব ও যুগোপযোগী নতুন কোনো নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট সকল অংশীদারের মতামত নেওয়ার আহ্বান জানান তারা।

বিএফএ নেতারা জানান, তারা ইতোমধ্যে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিনের কাছে লিখিতভাবে নীতিমালা-২০২৫ স্থগিত রেখে বিদ্যমান নীতিমালা-২০০৯ বহাল রাখার দাবি জানিয়েছেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক বৈঠকেও বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, নীতিমালা–২০২৫ বাস্তবায়ন হলে দেশের প্রায় ৪৬ হাজার খুচরা সার ডিলার বিপুল পরিমাণ বিনিয়োগ ও ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করলেও তারা বেকার হয়ে পড়বেন।

এতে সার ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে এবং কৃষি খাতেও বিরূপ প্রভাব পড়বে।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুই কর্মদিবসের মধ্যে ডিলারদের যৌক্তিক দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বাংলাদেশ ফার্টিলাইজার্স অ্যাসোসিয়েশন কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এতে দেশের কৃষি খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলেও সতর্ক করেন নেতারা।

মানববন্ধনে সংগঠনের দাবি অনুযায়ী, সারা দেশ থেকে আগত প্রায় ২০ হাজার বিসিআইসি ও খুচরা সার ডিলার অংশগ্রহণ করেন। বক্তারা নীতিমালা–২০২৫-কে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে দ্রুত তা স্থগিত করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন