

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর বঙ্গভবনের সামনের রাস্তায় ট্রাকচাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিপন (৪৫) ও সুলতান (৪০)। নিহত রিপন ও সুলতানের বাড়ি শেরপুর জেলায়।
রিপনের বাবার নাম সাখাওয়াত হোসেন এবং সুলতানের বাবার নাম জমশেদ আলী। তারা শান্তিনগরের মুরগি ব্যবসায়ী।
তাদের সহকর্মীরা গণমাধ্যমকে জানান, ওই দুই মুরগি ব্যবসায়ী কাপ্তান বাজার থেকে ভ্যানবোঝাই করে মুরগি নিয়ে শান্তিনগরে যাচ্ছিলেন। বঙ্গভবনের সামনের রাস্তায় ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ভ্যানে থাকা রিপন ও সুলতান ছিটকে পড়েন রাস্তায়। এ সময় ট্রাকটি তাদের দুজনের ওপর দিয়ে চলে যায়। খবর পেয়ে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ভ্যানচালক অক্ষত রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।
মন্তব্য করুন
