

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব জোরদার করতে কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ অংশ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
গত ৯ ও ১০ জুলাই ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার শেরাটন আদ্দিস হোটেলে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিরা অংশ নেন।
‘স্কিলস, সিস্টেমস অ্যান্ড সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, মেধা ধরে রাখা, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং টেকসই শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
ফোরামে বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের সক্ষমতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণার সম্ভাবনা তুলে ধরে এআইইউবি। একই সঙ্গে স্পন্সর ও সক্রিয় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে বৈশ্বিক উচ্চশিক্ষা সম্প্রদায়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা আরও জোরদার করে বিশ্ববিদ্যালয়টি।
এআইইউবির প্রতিনিধিদলে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক খন্দকার তাবিন হাসান এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন।
ফোরাম চলাকালে এআইইউবি বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। এসব সমঝোতার মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষার্থী বিনিময় এবং শিক্ষক বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। এআইইউবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইশতিয়াক আবেদীন ও অধ্যাপক খন্দকার তাবিন হাসান।
এ ছাড়া বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে নতুন উদ্যোগ হিসেবে এআইইউবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) যৌথ উদ্যোগে ‘কিউএস বাংলাদেশ ফোরাম’ আয়োজনের বিষয়ে কিউএসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ইশতিয়াক আবেদীন।
বিশ্ববিদ্যালয়টির দাবি, প্রস্তাবিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম’ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র্যাংকিং উন্নয়ন, আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি এবং বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ আরও জোরদার করতে ভূমিকা রাখবে।
এআইইউবি মনে করছে, কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ তাদের অংশগ্রহণ বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক উপস্থিতি বৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
