

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের মাধ্যমে বিতরণযোগ্য ঋণের সীমা বাড়ানো হয়েছে। আগে যেখানে ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণসীমা ছিল ২৫ লাখ টাকা, সেখানে এখন তা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অনিরাপদ ঋণের সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ।
রোববার (১৫ মার্চ ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি গাইডলাইন জারি করেছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে ক্রেডিট কার্ডের ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সুবিধাজনক ব্যবহার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, ইলেকট্রনিক পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনালের সংখ্যা বৃদ্ধি এবং ক্রেডিট কার্ড ইস্যুকারীদের দেওয়া বিভিন্ন প্রণোদনা—এসব কারণ এই প্রবৃদ্ধিতে অবদান রেখেছে।
ডিজিটাল লেনদেন সহজতর করতে ক্রেডিট কার্ডের গুরুত্ব বিবেচনায়, নিরাপদ, সুরক্ষিত ও কার্যকর ক্রেডিট কার্ড কার্যক্রম নিশ্চিত করতে একটি সমন্বিত কাঠামো প্রতিষ্ঠা করা প্রয়োজন।
এছাড়া আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার সুরক্ষা করা এবং নগদবিহীন লেনদেন উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড কার্যক্রম সংক্রান্ত এসব হালনাগাদ নির্দেশিকা জারি করছে।
এই নির্দেশিকাগুলো ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালী করা, দায়িত্বশীল ঋণ প্রদান উৎসাহিত করা এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মধ্যে আর্থিক শৃঙ্খলা বৃদ্ধি করার জন্য বিভিন্ন নিয়ন্ত্রক ব্যবস্থা নির্ধারণ করেছে।
একাধিক ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তারা বলছেন, এর ফলে কার্ড বিভাগের ঋণ বেড়ে যাবে। যার ফলে ব্যাংকের মুনাফা বাড়বে। তবে ঋণসীমা বাড়ায় ঝুঁকিও কিছুটা বেড়ে যাবে।
জানা গেছে, ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণের ক্ষেত্রে যাচাই–বাছাইয়ের ঝামেলা কম। তাই কম সময়ের মধ্যে এ ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন
