

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (FEPD-1) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সার্কুলারটি দেশের সব অনুমোদিত ডিলার (AD) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন এবং প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা সহজ করতে বার্ষিক ভ্রমণ কোটার সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একজন প্রাপ্তবয়স্ক ভ্রমণকারী আগের তুলনায় বছরে অতিরিক্ত ৬ হাজার ডলার বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।
তবে ভ্রমণ কোটার পুরো অর্থ নগদ ডলারে নেওয়া যাবে না। একজন ব্যক্তি তার অনুমোদিত কোটার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ নোট নিতে পারবেন। নগদ ডলারের এই সীমা আগের মতোই বহাল রাখা হয়েছে।
অন্যদিকে, ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রা নেওয়ার সুযোগ থাকবে। নতুন সীমা অনুযায়ী, তাদের বার্ষিক ভ্রমণ entitlement দাঁড়াবে সর্বোচ্চ ৯ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়ল। তবে সার্কুলারে ভ্রমণ কোটার বাইরে বৈদেশিক মুদ্রা ছাড়ের অন্যান্য নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।


