

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে।
সোমবার (৩১ আগস্ট) ভোররাতে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দোকানগুলোর মালামাল ও ব্যবসার পুঁজি পুড়ে গিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন- নিমগাছি গ্রামের সোলেমান তালুকদারের ওষুধের দোকান, চণ্ডিভোগ গ্রামের মো. হায়দার আলীর পান-সিগারেটের দোকান, একই গ্রামের দিগেন্দ্রনাথ সরকারের ফলের দোকান, একই গ্রামের সাধন কুমার সরকারের স্বর্ণকারের দোকান, একই গ্রামের ক্ষুদিরাম সরকারের ফলের দোকান, বিষমডাঙ্গা গ্রামের আতাউরের ফলের দোকান এবং পুল্লা গ্রামের আব্দুলার ফলের দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে দোকানের মালামালসহ ব্যবসার পুঁজি পুড়ে গেছে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে রায়গঞ্জ ও তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।


