মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুকের মামলায় কারাগারে এসিল্যান্ড

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর করা মামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজয় কুমার জোয়ার্দার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামের পরিমল কুমার জোয়ার্দারের ছেলে। তিনি আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাগুরা জেলা সদরের রক্কুরপাড়া গ্রামের গোপাল সরকারের মেয়ে মুক্তা সরকারের সঙ্গে কয়েক বছর আগে বিজয় কুমার জোয়ার্দারের বিয়ে হয়। পরে বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সুমি কাসারী নামের এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন মুক্তা।

মুক্তা সরকার চিকিৎসার জন্য ভারতে গেলে বিজয় পরে সেখানে যাওয়ার কথা জানান। তবে ভারতে অবস্থানকালে মুক্তা জানতে পারেন, সুমি কাসারী আশাশুনিতে বিজয়ের সঙ্গে অবস্থান করছেন। পরে তিনি দ্রুত ভারত থেকে আশাশুনিতে ফিরে আসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, দেশে ফেরার পর মুক্তাকে তার বাবার বাড়ি থেকে ৫০ লাখ টাকা যৌতুক এনে দিতে বলা হয়। এতে তিনি অপারগতা প্রকাশ করলে গত ২৩ ফেব্রুয়ারি তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরদিন পর্যন্ত আটকে রাখা হয়। পরে ২৫ ফেব্রুয়ারি সকালে মুক্তা আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এরপর ৪ মার্চ স্বামী বিজয় কুমার জোয়ার্দার, শ্বশুর পরিমল কুমার জোয়ার্দার, শাশুড়ি ঊষা রানী জোয়ার্দার, ভাসুর পরিতোষ কুমার জোয়ার্দার ও সুমি কাসারীর নাম উল্লেখ করে আশাশুনি থানায় মামলা করেন মুক্তা সরকার।

মামলার পর বিজয় কুমার জোয়ার্দার হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মীমাংসার শর্তে অস্থায়ী জামিনে ছিলেন তিনি।

সোমবার আদালতে বিজয় কুমার জোয়ার্দারের পক্ষে আইনজীবী মো. মিজানুর রহমান পিন্টু স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশিদুজ্জামান বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ বিজয় কুমার জোয়ার্দারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন