

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্ধারিত সময়সূচি মেনে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ। দীর্ঘ অপেক্ষার পর বাগানে বাগানে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গুণগত মান বজায় রেখে নিরাপদ আম বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।
মঙ্গলবার (৫ মে) সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষি আবু সাইদের বাগানে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আম সংগ্রহের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকার আমচাষিরা।
উদ্বোধনের পরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়ার কর্মযজ্ঞ। গাছে গাছে পাকা আম আর চাষিদের কর্মব্যস্ততায় পুরো এলাকা যেন নতুন প্রাণ ফিরে পায়।
বাগান মালিক আবু সাইদ বলেন, “আমাদের জন্য এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বছর ফলন ভালো হয়েছে। নির্ধারিত সময়ে আম সংগ্রহ শুরু হওয়ায় বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই, সঠিকভাবে বাজারজাত হলে সাতক্ষীরার আমের সুনাম আরও বাড়বে।”
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সময়মতো আম সংগ্রহ শুরু হওয়ায় ফলের স্বাভাবিক পরিপক্বতা বজায় থাকবে এবং ভোক্তারা নিরাপদ আম পাবেন। একই সঙ্গে অপরিপক্ব বা কৃত্রিমভাবে পাকানো আম বাজারে আসা ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
চাষিরা আশা করছেন, অনুকূল আবহাওয়া ও বাজার পরিস্থিতি ভালো থাকলে চলতি মৌসুমে তারা কাঙ্ক্ষিত লাভের মুখ দেখবেন।
মন্তব্য করুন