সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও

রকি আহমেদ, রংপুর
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০১:৪২ পিএম
বাবুল চন্দ্র রায়
expand
বাবুল চন্দ্র রায়

ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশ ও দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

তাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে বাবুল চন্দ্র রায়কে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আগামীকাল ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ন থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এর আগে এনপিবিসহ বিভিন্ন গণমাধ্যমে বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগ সংবলিত সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

প্রতিবেদকের হাতে আসা প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে বাবুল চন্দ্র রায়কে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের হিসাব নির্ধারণ করতে দেখা যায়। ভিডিওতে তিনি ক্যালকুলেটরে হিসাব করে একাধিক প্রকল্পের বিপরীতে কমিশনের পরিমাণ নির্ধারণ করছেন এবং প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে কথোপকথন করছেন।

ভিডিও প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে অভিযোগ অস্বীকার করে বাবুল চন্দ্র রায় বলেন, ওরা কাজ না করেই বিল নিতে এসেছিল। সে কারণেই এ ধরনের কথা হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। পাশাপাশি স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন