শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টি ফ্যাসিবাদী কায়দায় 'না' ভোটের পক্ষে অবস্থান নিয়েছে: আখতার হোসেন

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
expand
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো আবারো ফ্যাসিবাদী কায়দায় জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন রংপুর-৪ আসনের ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, জাতীয় পার্টি যেভাবে ফ্যাসিবাদী কায়দায় গৃহপালিত বিরোধী দল হিসেবে দেশ পরিচালনায় অংশ নিয়েছিল, সেই মনোভাব থেকেই তারা এখন ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তারা স্বৈরাচারী ছিল। তারা চায় না দেশ বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে উত্তরণ ঘটুক।

বুধবার (২১ জানুয়ারী ) বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার হাত থেকে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফ্যাসিবাদী চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে। তারা ‘না’ ভোটের কথা বললেও জনগণ তাতে গুরুত্ব দেবে না; বরং জনগণ গণভোটকে নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।

এসময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। যারা ফ্যাসিবাদের দোসর এবং গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হতো। আমরা শুরু থেকেই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর দাবি জানিয়ে আসছি।

এনসিপির এই নেতা আরও বলেন, নির্বাচনী প্রচারণা নিয়ে এক ধরনের শঙ্কা কাজ করছে। যেকোনো পরিস্থিতি সাহসের সাথে মোকাবিলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা প্রস্তুত রাখার আহ্বান জানান তিনি।

আখতার হোসেন বলেন, গত ৫৪ বছর ধরে বাংলাদেশের মানুষ যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে নিষ্পেষিত হয়েছে, তারা তা থেকে মুক্তি চায়। একনায়কতন্ত্রের বদলে জনগণ এখন একটি অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করে। সেই ব্যবস্থার মূল উপাদানগুলো ‘জুলাই সনদে’ রয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়নে আমাদের সবার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকা উচিত। এ সময় তিনি সাংবাদিকদের সকল প্রকার ভয়ভীতি, পেশিশক্তি ও অর্থের প্রলোভন উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ১০ দলীয় জোট থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন