

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীতে ১০টি ফিলিং স্টেশনের একটিতেও তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও কৃষকেরা। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেককেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।
বুধবার বেলা ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজবাড়ী শহরের কাজী ফিলিং স্টেশন, পলাশ ফিলিং স্টেশন এবং রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নেই। পাম্পগুলোর চারপাশে বাঁশ ও রশি দিয়ে ঘিরে রাখা হয়েছে। কর্মীরা অলস সময় পার করছেন, আর চালকেরা তেল নিতে এসে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন। একইভাবে কৃষকেরাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
শহরের কাজী ফিলিং স্টেশনে কথা হয় লোকাল বাস ‘রাজমহল’-এর সুপারভাইজার মো. শাহজাহানের সঙ্গে। তিনি বলেন, শহরের তিনটি পাম্পের একটিতেও তেল নেই। তেলের অভাবে গাড়ি ট্রিপে বের হতে পারছে না। অধিকাংশ গাড়িই তেলের অভাবে বন্ধ রয়েছে। তিনি দ্রুত এ সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
পাশেই অপেক্ষমাণ কৃষক তারিকুল ইসলাম বলেন, সকাল থেকে তেলের জন্য পাম্পে বসে আছি, কিন্তু তেল পাচ্ছি না। পাম্পের কর্মীরা বলছেন তেল নেই। গতকালও এসে ফিরে গেছি। এভাবে চলতে থাকলে কৃষক বাঁচবে না। জমি চাষ করতে পারছি না, পাট ও ধানের ক্ষেতে সেচ দিতে পারছি না।
আরেক কৃষক বাচ্চু শেখ বলেন, “তেল যাচ্ছে কোথায়? পাম্পে আসলে বলে তেল নেই। তাহলে আমরা কৃষিকাজ করব কীভাবে? এক বিঘা জমিতে প্রায় ৫ লিটার তেল লাগে, কিন্তু পাচ্ছি মাত্র ২ লিটার। এতে অল্প সেচ দিয়েই তেল শেষ হয়ে যায়, তারপর বাড়ি ফিরে যেতে হয়।”
পাংশা থেকে ঢাকাগামী ফয়সাল হোসেন বলেন, “পাংশার দুইটি পাম্পেই তেল নেই। সেখান থেকে কালুখালীতে গিয়েও পাইনি। এখন রাজবাড়ীতে এসেও একই অবস্থা। তাহলে আমি ঢাকায় যাব কীভাবে? যে সামান্য তেল আছে, হয়তো ফেরিঘাট পর্যন্ত যেতে পারব। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।”
কাজী ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার উজ্জ্বল হোসেন জানান, বৈশাখের ছুটির কারণে ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এ সংকট তৈরি হয়েছে। এছাড়া স্বাভাবিক সময়েও চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, “আমাদের এখানে ডিজেলের চাহিদা ১২ হাজার লিটার, কিন্তু পাচ্ছি মাত্র ৪ হাজার লিটার। পেট্রোলের চাহিদা ৭ হাজার লিটার, কিন্তু পাচ্ছি আড়াই হাজার লিটার। আজ ডিপো থেকে তেল আসবে না, আগামীকাল আসার সম্ভাবনা রয়েছে।”
মন্তব্য করুন