

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীতে টিনের চাল কেটে একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ ও রুপার অলংকার চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই অলংকারও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালীর মো. সোহেল হাওলাদার (৩২) এবং ঢাকার ধামরাইয়ের মো. আজাহার আলী ওরফে সোহেল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ রাত সাড়ে বারোটা থেকে পরদিন ভোর আটটার মধ্যে পটুয়াখালী সদর থানার বড়বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া এলাকায় 'লোকনাথ জুয়েলার্স'-এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ৮ ভরি স্বর্ণালংকার, ১৫০ ভরি রুপার অলংকার এবং ক্যাশ বাক্স থেকে ২৮ হাজার ৭০০ টাকা নিয়ে যায়।
ভোরে দোকানে এসে আসবাবপত্র এলোমেলো ও চাল কাটা দেখতে পান দোকান মালিকের বাবা। পরে ভুক্তভোগী সঞ্জয় কর্মকার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তে মূল আসামি সোহেল হাওলাদারকে শনাক্ত করা সম্ভব হয়। গত ১ মে তাকে পটুয়াখালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার বাসা থেকে কিছু স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হাওলাদার চুরির কথা স্বীকার করেন। তিনি জানান, বাকি মাল ঢাকার কাফরুল এলাকার স্বর্ণ ব্যবসায়ী আজাহার আলীর কাছে বিক্রি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ৭ মে কাফরুলে অভিযান চালিয়ে আজাহার আলীকেও গ্রেফতার করা হয়।
দুই আসামির কাছ থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও ৮২ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চুরিতে ব্যবহৃত একটি দা ও একটি হাত করাতও জব্দ করা হয়েছে। আসামি সোহেল হাওলাদার আদালতে চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মামলার তদন্ত চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।