রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০১:৫২ এএম আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কেশারপাড় ইউনিয়ন পরিষদ থেকে কানকিরহাটের উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার একটি অটোরিকশাযোগে কানকিরহাটের উদ্দেশে রওনা হন। পথে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে মুহূর্তেই সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাত সাড়ে ৮টার দিকে মোশাররফ হোসেন মজুমদারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা নুর নবী বলেন, হঠাৎ যানবাহনের সংঘর্ষের শব্দ শুনে দ্রুত আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ওই সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ভেতরে থাকা তিনজনকে গুরুতর আহত অবস্থায় পাই। এরপর দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি।

এদিকে বিএনপি নেতা মোশাররফের মৃত্যুর খবরে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। এজন্য সড়কে গতি নিয়ন্ত্রণ এবং নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank