বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় ৪০ লক্ষ টাকার অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ এএম
জব্দ করা অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন
expand
জব্দ করা অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল এবং নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ ৩৯ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও উপজেলা মৎস্য অধিদপ্তর নোয়াখালীর হাতিয়া থানাধীন ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকার ২টি দোকান ও ৩টি গোডাউন তল্লাশি করা হয়।

তল্লাশিতে উদ্ধার করা হয়— ২৪,২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ জাল ও পলিথিন মজুত রাখার দায়ে দুইজন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিনগুলো মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে কোস্ট গার্ড বদ্ধপরিকর। জাতীয় সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন