

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য পূরণ হবে না। একই সঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতি এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার অবশ্যই বাংলার মাটিতেই নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় নেত্রকোনা কালেক্টরেট মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ও ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তাঁর ভাষ্য, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান এখন ‘সবার আগে ক্ষমতা’, ‘সবার আগে চাঁদাবাজি’, ‘সবার আগে সন্ত্রাস’ ও ‘সবার আগে দখলদারিত্বে’ পরিণত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর নির্যাতনের শিকার হওয়ার পরও ক্ষমতায় এসে বিএনপির কিছু নেতা জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসে জড়িয়ে পড়েছেন। বিভিন্ন জেলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বক্তব্যে নাহিদ ইসলাম রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হয়েছে। শারীরিক অসুস্থতার অজুহাতে তাঁর ‘সেফ এক্সিট’ দেওয়া উচিত নয় এবং তিনি যাতে বিদেশে যেতে না পারেন, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান।
নেত্রকোনা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় সংগঠক প্রীতম মিয়া সোহাগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।