শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে হাজিরা দিয়ে আইভী বললেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
হাজিরা দিতে আদালতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী
expand
হাজিরা দিতে আদালতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনবারের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী গতবছর তাকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় তিনি জেলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন বলে জানান তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

হাজিরা শেষে ফেরার পথে তিনি সাংবাদিকদের সামনে বলেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী। আমি সবসময় নারায়ণগঞ্জে প্রতিবাদ করেছি সর্বক্ষণ। হত্যা, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, আর আজকে আমিই কি অপরাধী! যাই হোক, এইটার বিচার আল্লাহ আছে, আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারা দেখবে।

সংক্ষিপ্ত এ মন্তব্যের পর তিনি আবার যে গাড়িতে এসেছিলেন তাতে উঠে দেওভোগের বাড়ির পথে রওয়ানা হন।

এদিন, তার অনুসারী নেতা-কর্মীদেরও সকাল থেকে আদালত চত্বরে দেখা দেয়। বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন ছিল।

গত বছরের ৯ মে সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় দেওভোগের নিজ বাসা ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন সাবেক এ সিটি মেয়র। পরে একে একে ১২টি হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৪ জুন তিনি জামিনে বেরিয়ে আসেন।

তার আইনজীবী আওলাদ হোসেন বলেন, আইভীকে গ্রেপ্তার দিন তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে নেবার পথে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর মডেল থানা পুলিশের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য ছিল মঙ্গলবার। এ মামলায় আইভী জামিনে থাকলেও তিনি আদালতের কার্যবিধি অনুযায়ী হাজিরা দিয়েছেন।

তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, তিনি শারীরিকভাবেও অসুস্থ। আমরা আদালতে আবেদন করেছিলাম।

এ আবেদনের প্রেক্ষিতে মামলার বিচারকাজ শুরু না হওয়া পর্যন্ত তাকে আর সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না বলেও জানিয়েছেন এ আইনজীবী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন