

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কথা থাকলেও নারায়ণগঞ্জের অধিকাংশ প্রার্থী তা এখনও মানেননি।
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় এখনো ঝুলতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণার ব্যানার-ফেস্টুন।
এনপিবি প্রতিবেদকের চোখে পড়ে নারায়ণগঞ্জ সদর, বন্দর ও ফতুল্লার বিভিন্ন সড়কে একাধিক প্রার্থীর ব্যানার-ফেস্টুন। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালামের কর্মীদের মণ্ডলপাড়া পুল এলাকায় নিজস্ব ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে দেখা যায়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পার হলেও প্রশাসন এখনো এসব ব্যানার-ফেস্টুন সরাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, নির্বাচনের পর এসব ব্যানার-ফেস্টুনের আর প্রয়োজন নেই। পরিবেশবান্ধব নারায়ণগঞ্জ গড়তে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচিত দ্রুত সব ব্যানার ও ফেস্টুন অপসারণ করা।
রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতোমধ্যে সহকারী রিটার্নিং অফিসারদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় ইতোমধ্যে অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা কাজ করছেন। প্রার্থীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অপসারণ করা হবে। এরপরও কেউ অপসারণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন