

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের ছয়জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা শেষে তাদের পাশাপাশি দাফন করা হয়।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে মঙ্গলবার ভোরে মরদেহগুলো নিজ গ্রামে পৌঁছায়। নওগাঁর নিহত ১০ জনের মধ্যে বাকি ৪ জনের নিজ নিজ বাড়িতে আজ ভোরে জানজা শেষে দাফন করা হয়।
সরেজমিনে দেখা যায়, দাফনের প্রস্তুতিতে গ্রামের চারপাশ থেকে খাটিয়া এনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ইসলামী শরিয়া অনুযায়ী ছয়টি মরদেহ পাশাপাশি সাজিয়ে রাখা হয়। একনজর দেখতে ভিড় করেন আশপাশের কয়েক গ্রামের মানুষ। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো রাজেন্দ্রবাটি গ্রাম ভারী হয়ে ওঠে।
জানাজায় অংশ নেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, মান্দা থানার ওসি খোরশেদ আলমসহ কয়েক হাজার মানুষ।
উল্লেখ্য, সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁ জেলায়। তারা সবাই ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছিলেন।
