বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার-৩: প্রতিদ্বন্দ্বীর বাড়িতে ফুল ও মিষ্টিমুখ, রাজনীতিতে অনন্য উদাহরণ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
expand
মৌলভীবাজার-৩: প্রতিদ্বন্দ্বীর বাড়িতে ফুল ও মিষ্টিমুখ, রাজনীতিতে অনন্য উদাহরণ

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর)—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান নির্বাচনের পর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল মান্নানের বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা, নাসের রহমান রাজনগর উপজেলার দত্তগ্রামে জামায়াত প্রার্থীর বাড়িতে পৌঁছান। প্রথমে নাসের রহমান আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীও তাঁকে একইভাবে স্বাগত জানান।

এ সময় আব্দুল মান্নান নাসের রহমানকে বলেন, “সম্ভবত আমাদের এই আসনে পৌনে পাঁচ লাখ ভোট রয়েছে। যারা ভোটার, তারা সবাই আপনার মানুষ। আপনি সবার দিকে খেয়াল রাখবেন, ইনশা আল্লাহ। এটাই আমার আবেদন।”

উত্তরে নাসের রহমান বলেন, “আপনি জিতেছেন। সেজন্য আপনাকে মিষ্টিমুখ করতে এসেছি। আপনার মানুষ থেকে আমার মানুষ আপনাকে বেশি মূল্যায়ন করে।”

এতে আব্দুল মান্নান যোগ করেন, “সেজন্য আমি শুকরিয়া আদায় করি। আপনি জিতেছেন, আমি খুশি হয়েছি।”

নাসের রহমান বলেন, “আমরা সবাই মিলে একসঙ্গে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

শুক্রবারের এই সৌজন্য সাক্ষাতে নাসের রহমানের সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট মো. আবদুল মুকিত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ এবং রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুন।

নির্বাচনের পর মৌলভীবাজার ও রাজনগরে এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X