শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁকা গুলি ছুড়ে ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:৩৯ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় স্বর্ণ ব্যবসায়ী, তার ছেলে ও এক প্রতিবেশী আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টায় পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পূর্ব শানবান্দা গ্রামের প্রিয় নাথ শীলের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল (৭৩), তাঁর ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং একই গ্রামের মৃত বিনোদচন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে বাবা-ছেলে বাড়ি ফিরছিলেন। পথে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে লোহার রড দিয়ে হামলা চালায়। একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে প্রতিবেশী মনোরঞ্জন পালও হামলার শিকার হন।

ভুক্তভোগীদের দাবি, দুর্বৃত্তরা তাদের কাছ থেকে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে গেছে। ছিনতাই শেষে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি ফাঁকা গুলি ছোড়ে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ঘটনাস্থল থেকে একটি গুলির খোলস উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ৩ থেকে ৪ জন জড়িত ছিল। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank