

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর উপজেলার সাগর মুন্সি।
মামলা সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার ফোর্ডনগর গ্রামের নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া করোনাকালীন সময়ে পরিবারের কেনা ব্যাটারিচালিত হ্যালোবাইক চালিয়ে সংসারে আর্থিক সহযোগিতা করতেন।
২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে খাসের চর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত হ্যালোবাইক ও মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি।
ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড প্রদান করা হয়।