রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে সারের সিন্ডিকেট ভাঙার দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা
expand

পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গোডাউনের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন তারা।

কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না তারা। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার নিয়ে সিন্ডিকেট বন্ধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টা পর জেলা প্রশাসনের আশ্বাসে কৃষকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তারা কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কৃষকরা জানান, সার পাওয়ার জন্য তাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক সময় অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ কারণে দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। আজ হাতীবান্ধার একটি ইউনিয়নে সার ছাড়ার কথা শুনে কৃষকরা মহেন্দ্রনগরে চলে আসায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank