শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬, ০২:৫৭ পিএম
ইসলামী বক্তা ও সংসদ সদস্য মুফতি আমির হামজা।
expand
ইসলামী বক্তা ও সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি এ ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহীর সিটি বাইপাস সড়কে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আমির হামজা তার বক্তব্যে বলেন, দেশে প্রচলিত আইনে ধর্ষণের সঠিক বিচার হচ্ছে না। এসময় ধর্ষণ প্রতিরোধে কোরআনের নির্দেশনা অনুযায়ী কঠোর শাস্তি কার্যকরের দাবিও জানান তিনি। তার ভাষায়, শুধু মানববন্ধন, বক্তব্য বা বিবৃতি দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। কঠোর বিচার নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, রামিসাকে নিজের মেয়ের মতো ভাবুন। তাহলে বোঝা যাবে একটি পরিবার কী যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ধর্ষকদের শুধু কারাদণ্ড বা জরিমানা দিয়ে থামানো যাবে না। এ ধরনের অপরাধীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত।

মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা শিশু রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সমাজে নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন