

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে উত্তরের জেলা কুড়িগ্রামে সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে আরও যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জামায়াতের আমির হেলিকপ্টারযোগে জেলা স্টেডিয়াম মাঠে নামবেন। সেখান থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি।
এবং নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত আমিরের এই আগমনকে কেন্দ্র করে ১১ জোটের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। আশা করছি এই সমাবেশে ৪ থেকে সাড়ে ৪ লাখ মানুষের উপস্থিতি হতে পারে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, আমাদের কেন্দ্রীয় নেতারা আসছেন। আমাদের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। কুড়িগ্রামে ৪টি আসনের জোটের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি আমরা সফল হবো।
আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জামায়াত। জনসভা সফল করার লক্ষ্যে সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুড়িগ্রাম জেলা জামায়াত কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুড়িগ্রাম সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাই।
মতবিনিময় সভায় জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার আসন্ন জনসভার সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনা তুলে ধরেন।
তিনি কুড়িগ্রামবাসীর প্রতি স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান এবং অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফল করতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
আয়োজকরা জানিয়েছেন, জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
