মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও নানা কর্মসূচি হাতে নিয়েছেন। জেলার সদর, পাকুন্দিয়া ও কটিয়াদি এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার, সাজসজ্জা ও নিরাপত্তা জোরদারের কাজ।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও পাড়া-মহল্লায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর আগমনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন।

সফরের প্রস্তুতি দেখতে ইতোমধ্যে সকল স্থানে পরিদর্শন করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।

এ সময় তাঁদের সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে তাঁরা প্রধানমন্ত্রীর সফরসূচির আওতাধীন বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। পরে স্থানীয় নেতাকর্মী ও সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলায় যাবেন। সেখানে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে আছমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত ১৪ জন উদ্যোক্তার হাতে স্বর্ণপদক তুলে দেওয়ার কথা রয়েছে।

এরপর প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।

একই সঙ্গে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ ও গাছের চারা বিতরণ করবেন। পরে জেলা সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি ও দুপুরের খাবার শেষে বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়াম মাঠে যাবেন।

সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরহিত সহ কর্মরত ব্যক্তিদের মধ্যে সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। পরে একই মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠান শেষে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, “জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ১৬ আগস্ট কটিয়াদীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী পাকুন্দিয়ার মির্জাপুরে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কারণে তাঁকে একনজর দেখতে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। এ বিষয়টি মাথায় রেখে তাঁকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পাকুন্দিয়ায় প্রশাসনিক তৎপরতার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। সফর সফল করতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন