

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভবদহ অঞ্চলের চলমান ভয়াবহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পানিসম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। আগামী ৩ আগস্টের মধ্যে পানি নিষ্কাশনে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রোববার (২৬ জুলাই) দুপুরে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংগ্রাম কমিটির নেতারা বলেন, টানা বর্ষণে যশোরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর এবং খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ভবদহ এলাকার প্রায় দুই শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও প্রধান সড়ক পানির নিচে চলে যাওয়ায় লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার গবাদিপশু নিয়ে উঁচু সড়কে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। প্রতিদিন পানি বাড়তে থাকায় পরিস্থিতি মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে।
নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সরকার ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে আমডাঙ্গা খাল সংস্কার, হরি নদীসহ সংশ্লিষ্ট নদ-নদী খনন এবং সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে অস্বাভাবিক বিলম্ব হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।
তারা আরও বলেন, ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ হরি ও ভদ্রা নদী খনন প্রকল্পের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। নদী খননের সময় খর্ণিয়া সেতুর দক্ষিণ পাশে নির্মিত অস্থায়ী বাঁধ অপসারণ না করা এবং নদীগর্ভে জমে থাকা পলি পরিষ্কার না করায় এবারের বর্ষায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। তাই খর্ণিয়া থেকে কুলবাড়িয়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার নদীপথের জমে থাকা পলি অপসারণ এবং সব ধরনের অস্থায়ী বাঁধ দ্রুত অপসারণের দাবি জানান তারা।
সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩ আগস্টের মধ্যে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করা হলে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য জিল্লুর রহমান ভিটু, অনিল বিশ্বাস, শেখর রায়, মাসুদ শেখ, সাধন বিশ্বাস, বিকাশ চন্দ্র মল্লিক, পলাশ বিশ্বাস, রাজু আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।