বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘর ভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোর  প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:৪৩ পিএম
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ঘর ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
expand
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ঘর ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ঘর ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বুধবার রাতে নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ী নেতারা।

নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিংয়ের মালিক এবং স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী ছিলেন। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা। তার মালিকানাধীন ‘আনিস প্লাজা’ নামের বহুতল মার্কেটটি নওয়াপাড়া বাজারের অন্যতম পরিচিত বাণিজ্যিক ভবন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ আনিস প্লাজায় একটি দোকান ঘর ভাড়া নিতে চাইলে আনিছুর রহমান তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনিছুর রহমান বাড়ির সামনে অবস্থানকালে শাহ মাহামুদ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারী।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

আজ সকালে নিহতের মরদেহ নওয়াপাড়ার বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ব্যবসায়ী সমাজের মধ্যেও নেমে আসে শোকের ছায়া।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন