শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম
যশোর কেন্দ্রীয় কারাগার
expand
যশোর কেন্দ্রীয় কারাগার

যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা ৬০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কয়েদি বাবুল ওরফে আক্তারুজ্জামান (৫৫), কয়েদি নং-৯২৪৫/এ। তিনি নড়াইল সদর উপজেলার ভোয়াখালী গ্রামের বাসিন্দা এবং লাল মিয়ার ছেলে।

কারা সূত্রে জানা গেছে, পৃথক দুটি অস্ত্র মামলায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন বাবুল। ২০২৫ সালের ২৫ নভেম্বর তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন এবং তখন থেকেই সাজা ভোগ করছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, শুক্রবার সন্ধ্যার কিছু আগে হঠাৎ করে বাবুলের বুকে তীব্র ব্যথা শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন