শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরযাত্রীর সিএনজির ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের মিতুর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চারদিকে ছিল বিয়ের আনন্দ, উৎসব আর উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে বরযাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় মিতু (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মিতু পিয়াইম গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়ার মেয়ে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পিয়াইম খেলার মাঠ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধরমন্ডল এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরযাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা পিয়াইম সড়ক দিয়ে যাচ্ছিল। পথে খেলার মাঠের কাছে পৌঁছালে চালক একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় রাস্তার পাশে অবস্থানরত শিশু মিতুকে সিএনজিটি ধাক্কা দেয়।

দুর্ঘটনায় মিতু গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাণচঞ্চল শিশুটির নিথর দেহ দেখে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নান্নু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তুফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, ঈদের আনন্দ ও বিয়ের উৎসবের আবহের মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনা তাদের স্তব্ধ করে দিয়েছে। তারা সড়কে যানবাহন চলাচলে অধিক সতর্কতা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

শিশু মিতুর অকাল মৃত্যুতে পিয়াইম গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন