বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালু-মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ অবৈধ বালু ও মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজন হলে সাধারণ মানুষকেই বাদী হয়ে এসব অপরাধের বিরুদ্ধে মামলা করতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় মাধবপুর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে আপনারা একটি সরকারকে পালাতে বাধ্য করেছেন। তাহলে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না কেন?” তিনি আরও বলেন, দীর্ঘদিন আমরা পিছনের দিকে তাকিয়েছি, এখন সময় এসেছে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার।

তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “মুক্তিযুদ্ধের ভিত্তির ওপর দাঁড়িয়েই আমাদের আজকের অগ্রযাত্রা। সেই চেতনাকে সামনে রেখে আমাদের এগোতে হবে।”

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম সভা পরিচালনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীরসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, নারী উদ্যোক্তা সাবানা চৌধুরী প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন