

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকে কেন্দ্র করে ডাকা সালিশ বৈঠক ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটে সোমবার (৬ এপ্রিল) উপজেলার বুল্লা গ্রামে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুল্লা গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকের একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর আহতদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়। পরে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোহাম্মদ আলী উপজেলার বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য করুন