শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে সাড়ে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
সাড়ে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ 
expand
সাড়ে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ 

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি বড় ধরনের সাফল্য অর্জন করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে পৃথক দুটি বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়।

রাত আনুমানিক ১টার দিকে একটি সন্দেহজনক ট্রাক আসতে দেখে বিজিবি টহল দল সংকেত দিলে চালক উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকভর্তি বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা। পাচারের উদ্দেশ্যে আনা জিরাগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

এছাড়া একই এলাকায় পৃথক আরেকটি বিশেষ অভিযানে ভোররাত আনুমানিক ৪টার দিকে আরেকটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ ট্রাকটিতেও বালুর নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় জিরার সিজার মূল্য আনুমানিক ৪০ লাখ ৫০ হাজার টাকা। অবৈধভাবে আমদানিকৃত এসব জিরা সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল এবিষয়ে সত্যতা নিশ্চিত করেন। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি। দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X