শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম
সড়ক দুর্ঘটনা
expand
সড়ক দুর্ঘটনা

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি ভোরে উপজেলার মোড়াকরি ইউনিয়নের হবিগঞ্জ–লাখাই আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোর ৬টার দিকে বুল্লা বাজার থেকে মাছ বোঝাই করে নাসিরনগরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। পথিমধ্যে হবিগঞ্জ–লাখাই আঞ্চলিক মহাসড়কের মোড়াকরি ইউনিয়নের তিতাস ইটভাটার পশ্চিম পাশে অবস্থিত একটি ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি ব্রিজের দক্ষিণ পাশের খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোড়াকরি গ্রামের নুর মিয়ার ছেলে ছোয়াব মিয়া (৪৫)। আহত হন অটোরিকশার চালকসহ আরও চারজন। আহতরা হলেন—পূর্ব বুল্লা গ্রামের আজদু মিয়ার ছেলে ও অটোরিকশা চালক হাফিজুর রহমান (৩৫), সুদেব দাসের ছেলে জুয়েল দাস (২১), শ্রীকুমার দাসের ছেলে পিপাস দাস (২২) এবং বসুদেব দাসের ছেলে বাসুদেব দাস (৩২)।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোয়াব মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে চালক হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খবর পেয়ে লাখাই থানার উপপরিদর্শক প্রণয় কুমার সরকার ও বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা উদ্ধারের কাজ শুরু করেন।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেহেতু এটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সংঘটিত দুর্ঘটনা, তাই নিহতের মরদেহ দাফনে আইনগত কোনো বাধা নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন