

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে তুমুল সমালোচনা চলছে। ওই কিশোরের গ্রেপ্তারের তথ্য সঠিক হলেও ছবিটি নিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে, দাবি পুলিশের।
কাশিয়ানী থানা পুলিশের ভাষ্য, ওই কিশোরকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক মামলার সংশ্লিষ্টতা নেই।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোবা গ্রামের মো. রাজিব মিয়ার বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় রাজিব মিয়ার স্ত্রী সোনিয়া ইসলামের একটি স্বর্ণের কানের দুল, স্বর্ণের চেইনসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কাশিয়ানী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সুমন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে ওই কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে প্রচার করা হয়।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘এটি সম্পূর্ণ একটি চুরির মামলা। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মামলার কথা বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। মামলার তদন্ত আইন অনুযায়ী চলমান রয়েছে।’
যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে সচেতন থাকতে পরামর্শ দেন তিনি।