বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণ মন্ত্রী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোকে দুর্বল করে দিয়েছে। তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে বর্তমানে সেখানে বিলাসী জীবনযাপন করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে যারা চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত সরকারের পাশাপাশি তাদের সহযোগিতায় নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গণআন্দোলন গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি বা গোপন বাহিনী জনগণের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকেই বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হন। দুপুরে মন্ত্রীর উপস্থিতিতে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পল্লী মোড়ে গিয়ে শেষ হয়।

পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি তোসাদ্দেক হোসেন তোসা ও কমর সেলিম, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, সহসভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল ও সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পলিপ্রায়াগপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে বিএনপিতে যোগদান করেন।

এছাড়াও মন্ত্রী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বর্নাঢ্য র‍্যালী,আলোচনা সভা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।

উপজেলা শহীদ মিনার চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ৭১ মঞ্চে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন,এমপি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার দল বিএনপি, সবাইকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সুসংগঠিত করতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মো : মকবুলার রহমান (গোর্কী), উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো : তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank