

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সফিউল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে এ ঘটনার শিকার হন বলে দাবি ওই নারীর। পরে তিনি মামলা করলে রাত ৮টায় হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। শুক্রবার রাতে তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলা প্রাণিসম্পদের ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানা সূত্র।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে ওই নারীর পূর্বপরিচয় ছিল। সকালে ওই নারীকে মুঠোফোনে কল করে গল্প করার জন্য তার নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গেলে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন প্রাণিসম্পদ কর্মকর্তা। গল্পের এক পর্যায়ে তিনি ওই নারীকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারীর দাবি, গত বছরের ৫ অক্টোবর তিনি স্বামীকে তালাক দেন। এরপর চলতি বছরের ১৮ জানুয়ারি অভিযুক্ত কর্মকর্তা তাকে বিয়ে করেন। তবে গত ১৬ ফেব্রুয়ারি ডাকযোগে পাঠানো একটি নোটিশের মাধ্যমে তিনি জানতে পারেন, গত ১০ ফেব্রুয়ারি তাকে তালাক দেন ওই প্রাণিসম্পদ কর্মকর্তা।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও সংক্রান্ত অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ আসামিকে আদালতে হাজির করা হবে।
মন্তব্য করুন