

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার দোহার পৌরসভার কেন্দ্রস্থল জয়পাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদের মাঝামাঝি সড়কে ফেলে রাখা বর্জ্যে তৈরি হয়েছে বিশাল ভাগাড়।
এর পাশেই দোহার প্রেসক্লাবে যাওয়ার প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শত শত পথচারীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্গন্ধ ও নোংরা পরিবেশে পথচারীরা পড়ছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।
স্থানীয়রা জানান, হাসপাতালের পাশে এক মাসেরও বেশি সময় ধরে পড়ে আছে এ বর্জ্যের স্তুপ। বৃষ্টির পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে। তারা মনে করেন, পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
জয়পাড়া বড় ব্রিজের দু’পাশেও দেখা গেছে একই অবস্থা। বাজার ও ক্লিনিকগুলোর বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে খালে। এতে খাল ভরাটের পাশাপাশি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক সময় নাক চেপে ওই পথ অতিক্রম করতে বাধ্য হচ্ছেন মানুষ।
এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিমউদ্দিন বলেন, “এগুলো মূলত বাজার ও আশপাশের দোকানের ময়লা। হাসপাতালের বর্জ্য আমরা আলাদা ডাস্টবিনে রাখি। এ ধরনের পরিবেশ গ্রহণযোগ্য নয়, এর প্রতিকার দরকার।”
ক্লিনিক মালিকরা জানান, প্রতিদিন সকালে পৌরসভার কর্মীরা তাদের বর্জ্য সংগ্রহ করে নিয়ে যায়। এরপর কোথায় ফেলা হয় সে বিষয়ে তারা অবগত নন।
পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান জানান, ক্লিনিকের বর্জ্য ব্যবস্থাপনা হেলথ ডিপার্টমেন্টের দায়িত্ব। পৌরসভার আওতাধীন সাধারণ বর্জ্য তারা মেইনটেইন করেন। এখনো পৌরসভা সরকারিভাবে ময়লা ফেলার জায়গা না পেলেও সম্প্রতি কাজিরচর এলাকায় একটি জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হবে বলে তিনি জানান।
মন্তব্য করুন
