রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম
expand

ঢাকার সাভারে রিকশাচালককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জহিরুল ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদেরও ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।

এর আগে সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের মৃত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

অন্যদিকে, গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম ঘটনাস্থলে থাকা ওই প্রাইভেটকারের মালিক বলে জানা গেছে। তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে শনাক্ত হওয়া বাকি আসামিদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

জানা যায়, গত শনিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় এক রিকশাচালককে মারধর করছিল একটি প্রাইভেটকারের লোকজন। এ সময় এসবি পুলিশের সদস্য আলতাফ হোসেন ওই রিকশাচালককে মারধরে বাধা দেন।

এতে প্রাইভেটকার আরোহীরা ওই পুলিশ সদস্যের ওপর চড়াও হয়। পরে তারা আরও কয়েকজনকে ডেকে এনে পুলিশ সদস্যের ওপর অতর্কিত হামলা চালায় ও বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, এসবি পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank