

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। তাদের মধ্যে ৮ জনকে চোর-ছিনতাইকারী হিসেবে এবং ১২ জনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজনকে ধর্তব্য অপরাধে এবং একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চোর-ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার আটজন হলেন সাদ্দাম হোসেন (৩৬), আরিফ (২০), জাকির হোসেন (২৪), তালেব মাহমুদ বাবুল (৩২), ইরফান ফারদিন প্রকাশ ইরফান মোহাম্মদ (২২), ইয়াছিন (৩৫), নুরুল আজিম (১৯) ও নুরুল আজম (৩৪)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। এর মধ্যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ২০২০ সালের একটি মামলার তথ্য রয়েছে। তালেব মাহমুদ বাবুলের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা হয়। আরিফ ও জাকির হোসেনের বিরুদ্ধেও দ্রুত বিচার আইনে মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইরফান ফারদিনের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
সদর থানার নথি অনুযায়ী, তার বিরুদ্ধে ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে পৃথক মামলা হয়েছে। এসব মামলার মধ্যে দণ্ডবিধি, দ্রুত বিচার আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও রয়েছে। তবে একটি মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে পুলিশের নথিতে উল্লেখ রয়েছে।
ইয়াছিনের বিরুদ্ধেও ২০২১ সালের একটি নন-এফআইআর মামলা এবং চলতি বছরের ৩০ জুলাইয়ের একটি সাধারণ ডায়েরির তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১২ জন হলেন মুরাদ হাসান প্রকাশ কালু (১৯), ওসমান গণি (৪৫), জিহাদুল ইসলাম (১৯), ইমরান (২০), সাজু (২০), শহীদ প্রকাশ রবি (২০), তারেক জিয়া প্রকাশ লালা (১৯), কেফায়েত উল্লাহ প্রকাশ রকি (২১), জালাল (২০), তারেক (২০), সাইফুল ইসলাম শাউন (২০) ও রোবায়েত (২৪)।
পুলিশের ভাষ্য, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আমান উল্লাহ (৫০), দিদারুল আলম (৩৯) ও ইনতিসার ছিদ্দিকী সাজিম (২৯)কে। এ ছাড়া ধর্তব্য অপরাধে মোঃ ওসমান (১৫) এবং নিয়মিত মামলায় মোঃ রাকিব (২৭) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা-পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চুরি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। শহর ও ইউনিয়ন পর্যায়ে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



